চট্টগ্রামের বোয়ালখালীতে হামের উপসর্গ নিয়ে চরণদ্বীপের সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ মাজেদুল হকের ৫ মাস ১৫ দিন বয়সী শিশু সন্তান মিশকাত মারা গেছেন।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গত শুক্রবার (৮ মে) থেকে মিশকাত জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়েছিল। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় তাকে অন্য হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার সকালে পুনরায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
বিলাপ করতে করতে বাবা মাজেদুল বলেন, ‘একবারও বাবা ডাক শুনতে পারলাম না। বাবা বলার আগেই চুপ হয়ে গেছে মিশকাত’।
মিশকাতের মামা রিপন জানান, আছরের নামাজের পর চরণদ্বীপের নিজ বাড়িতে বাবার কোলে করে শেষবারের মতো নিয়ে আসা হয় ছোট্ট মিশকাতকে। এরপর মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
পূর্বকোণ/সিজান
















