চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টয়লেট থেকে আবদুল মোতালেব নামের এক ৮০ বছরের বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মোতালেব বাঁশখালী উপজেলার শেখেরখীল মাইজপাড়া এলাকার মৃত আবদুর রশিদের পুত্র।
আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-আমিন একাডেমি নামক একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি ভিক্ষার প্রয়োজনে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
আল-আমিন একাডেমির পরিচালক ও প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, দুপুরে ওই ব্যক্তি স্কুলের টয়লেটে গিয়েছিলেন। তারা দুপুরের খাবার খেয়ে এসে দেখেন টয়লেটের ভেতরে তার মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জানানো হয়।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা থানায় এসেছেন। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পূর্বকোণ/সিজান


















