কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচার মামলার এক মূলহোতা এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
র্যাব জানায়, ঢাকার উত্তরখান থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার তদন্তের সূত্র ধরে সোমবার (১১ মে) দিবাগত রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোনাপাড়া শাহপরীরদ্বীপ এলাকার সৈয়দ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায় এবং সীমান্তপথে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে একই রাতে টেকনাফ সদর ইউনিয়নের বিচ এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে আব্দুর রহিম (৩৭) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউপির মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় দায়ের হওয়া একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত আব্দুর রহিমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হওয়া দুই আসামিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
পূর্বকোণ/সিজান


















