চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও আমবোঝাই পিকআপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পাশে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় জনতা।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর আধাঘণ্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আহতরা হলেন- সাগর, সুমন, জয়নাল, রহিম, কামাল। বাকিদের নাম- পরিচয় পাওয়া যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোবারক জানান, অতিরিক্ত কাঁচামাল নিয়ে পিকআপটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বিপরীত দিক হতে আসা ফটিকছড়ি সদরমুখী বাসের সাথে অনেকটাই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনাস্থলের পাশে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ কর্মরত অবস্থায় ছিল। দুর্ঘটনা পরবর্তী জনতা কিছু বুঝে ওঠার আগেই হাইওয়েতে থাকা পুলিশের পিকআপের উপর হামলা করে স্থানীয়রা। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
পূর্বকোণ/পিআর


















