স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।
আজ সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, লবণ চাষীদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করতে বর্তমানে উৎপাদন খরচ পর্যালোচনা করছে কৃষি মন্ত্রণালয়। দেশের ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের প্রকৃত চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া যাতে দেশ লবণে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয় এবং চাষীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও পরিষ্কার করেন, ভারতের কোনো অঙ্গরাজ্যের সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত (যেমন কাঁটাতার নির্মাণ) তাদের নিজস্ব বিষয়। বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে এবং কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য নিয়ে মন্ত্রী বলেন, এসব তথ্যের অনেকগুলোই পুরাতন ও বিভ্রান্তিকর, যা অপপ্রচারের অংশ। স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এমন কোনো পরিস্থিতির সত্যতা বা বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়ার মতো কোনো তথ্য নেই। মন্ত্রী দেশের জনগণকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
পূর্বকোণ/সিজান


















