চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ছুটি কাটিয়ে ওমানে ফেরার ৫ দিনেই প্রাণ গেল প্রবাসী যুবকের

ছুটি কাটিয়ে ওমানে ফেরার ৫ দিনেই প্রাণ গেল প্রবাসী যুবকের

বাঁশখালী সংবাদদাতা

১১ মে, ২০২৬ | ৬:৪৩ অপরাহ্ণ

ওমান প্রবাসী মহিউদ্দিন (৩৮) দেশে এসেছিলেন বেড়াতে। ছুটি শেষে মা, স্ত্রী ও চার বছরের কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজনদের কাছ থেকে গত ৫ মে বিকেলে বিদায় নিয়ে ওমানে ফিরেছিলেন তিনি। কে জানত সেটিই ছিল পরিবারের সাথে তার শেষ দেখা। ওমানে যাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রামের ওমান প্রবাসী মহিউদ্দিন (৩৮)।

 

গতকাল রবিবার (১০ মে) রাত ৩টার দিকে ওমানের রাজধানী মাস্কাটের আজাইবা সড়কে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মহিউদ্দিন কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রামের মৃত কালু মিয়ার ছেলে। তিনি ওমানের মাস্কাট শহরে বসবাস করতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

 

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই মাসের ছুটি কাটিয়ে মাত্র ৫ মে তিনি কর্মস্থল ওমানে ফিরে গিয়েছিলেন।

 

মহিউদ্দিনের পূর্ব পরিচিত প্রবাসী মোহাম্মদ দেলোয়ার জানান, কাজ শেষে কোম্পানির ফোরম্যানের সাথে গাড়িতে করে বাসায় ফিরছিলেন মহিউদ্দিন। গাড়িটি ফোরম্যান নিজেই চালাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মহিউদ্দিন এবং চালক (ফোরম্যান) দুজনেই মারা যান। নিহত ফোরম্যানের বাড়ি চাঁদপুরে বলে জানা গেছে।

 

বর্তমানে মহিউদ্দিনের মরদেহ ওমান পুলিশ হেফাজতে রয়েছে। তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য স্থানীয় প্রবাসী ও পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। মহিউদ্দিনের অকাল মৃত্যুতে তার ৪ বছর বয়সী একমাত্র কন্যা শিশু ও পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট