চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১০ মে) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আসা পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পর্যটকদের ওপর হামলা চালায়, এতে অন্তত ১২ জন পর্যটক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
অভিযানে উপস্থিত আরো ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো.আলমগীরসহ শতাধিক পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম বলেন, গুলিয়াখালী সমুদ্র সৈকতে বসা সব দোকানই অবৈধ। স্থানীয়রা কোন ধরনের অনুমতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেতেই এসব দোকানপাট তুলেছেন। সমুদ্র সৈকতে দোকান বসানো জায়গাগুলো সরকারি সম্পত্তি হওয়ায় এখানে থাকা ছোট,বড় ৪০টি অবৈধ দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, শনিবার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকের উপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কালাম ও সুমন নামে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ


















