চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

মোবাইল চুরির ঘটনার জেরে পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত একাধিক

পেকুয়া সংবাদদাতা

১০ মে, ২০২৬ | ১২:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় শিলখালী ইউনিয়নে মোবাইল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক নেতার নেতৃত্বে ৬-৭ জন লোক এই তাণ্ডব চালায়।

 

​স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ধাখালী এলাকার সাকু প্রায় ছয় মাস আগে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছিল। সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে এসে ওই যুবক ও তার সহযোগীরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরই জেরে গতকাল বিকেল থেকে কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

 

​হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা চুরির জন্য পুলিশে ধরিয়ে দেওয়ার অজুহাতে পরিবারগুলোর ওপর চড়াও হয়। এ সময় তারা ওই পরিবারগুলোর মালিকানাধীন অন্তত ৪-৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে।

 

​পরবর্তীতে শনিবার (৯ মে) রাত ৯টার দিকে শিলখালী ৩ নম্বর ওয়ার্ডের মৃত সাব্বির আহমদের ছেলে শামসুর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

​পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ‌‌খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ব্যক্তিগত ও পূর্ব শত্রুতার জেরে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট