চুরির ঘটনা তো কতই ঘটে, কিন্তু মাত্র ৩০ মিনিটের ব্যবধানে জনবসতিপূর্ণ ঘরের পেছন থেকে আস্ত টিউবওয়েল উধাও হয়ে যাওয়ার ঘটনা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে এই অদ্ভুত চুরির শিকার হয়ে এখন খাবার পানির সংকটে পড়েছে দুই পরিবারের সদস্যরা।
শনিবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সত্যজিত সরকার জানান, তাদের বসতঘরের ঠিক পেছনেই তার এবং তার চাচাতো ভাই অভিজিত সরকারের দুটি টিউবওয়েল ছিল। বাড়ির ভেতরে পরিবারের সদস্যরা থাকা অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকেও তারা টিউবওয়েল চেপে পানি ব্যবহার করেছেন। কিন্তু এর মাত্র আধা ঘণ্টা পর সত্যজিত সরকারের স্ত্রী রান্নার জন্য পানি আনতে গিয়ে দেখেন, টিউবওয়েল দুটির ওপরের অংশ আর নেই।
এই আকস্মিক চুরিতে পরিবার দুটি এখন তীব্র খাবার পানির সংকটে পড়েছে। সত্যজিত সরকার আক্ষেপ করে বলেন, চুরি হওয়া এই কলগুলোর বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
জনবহুল বাড়িতে মানুষের উপস্থিতিতে এত দ্রুত কলগুলো কীভাবে গায়েব হয়ে গেল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সত্যজিত সরকার বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















