চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

মোবাইল চুরির ঘটনার জেরে পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ: আহত একাধিক

গুলিয়াখালী সৈকতে পর্যটক-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ১২

সীতাকুণ্ড সাংবাদদাতা

৯ মে, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পর্যটকসহ মোট ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

 

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা থেকে আসা একদল পর্যটক সৈকতের একটি দোলনায় পর্যায়ক্রমে বসে দোল খাচ্ছিলেন। একপর্যায়ে দোলনাটি ভেঙে পড়লে স্থানীয় এক দোকানি পর্যটকদের বকাঝকা শুরু করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় কিছু এলাকাবাসী ওই দোকানির পক্ষ নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৮ পর্যটক এবং ৪ স্থানীয় বাসিন্দা আহত হন।

 

আহত পর্যটকরা সবাই ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) শিক্ষার্থী। আহতরা হলেন, শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)।

 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন জানান, আহত আটজনের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত পর্যটক শিক্ষার্থী মো. ফজলে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আহত শিক্ষার্থী মাহীন জানান, তারা ১০ বন্ধু মিলে বেড়াতে এসেছিলেন। দোলনা নিয়ে বিবাদের জেরে স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কয়েকজনের মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ আসার আগেই হামলাকারীরা মোবাইল ফেরত দিয়ে পালিয়ে যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এমন তিক্ত অভিজ্ঞতার পর আমরা আর কখনো এখানে আসব না এবং কাউকে আসতেও বলব না”।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এবং এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট