চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে বায়তুল করিম মহিলা নুরানি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছেন।
নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বায়তুল করিম মহিলা নুরানি মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকের নাম মৌলানা মুহাম্মদ মারুফ।
সূত্রমতে, ওই শিক্ষক মাদ্রাসায় দৈনিক শিক্ষা কার্যক্রম শেষে স্থানীয় একাধিক শিক্ষার্থীকে নিজ বাড়িতে পড়াতেন। ওই সময়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করতেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের পরিবারকে বিষয়টি জানালে ঘটনা জানাজানি হয়। সর্বশেষ ৮ মে রাতে মাদ্রাসায় সামাজিক বৈঠক করে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় এবং উত্তম-মধ্যম দিয়ে এলাকাছাড়া করা হয়। তবে, এ বিষয়ে ফটিকছড়ি থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় যুবদল নেতা ওমর ফারুক।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এমদাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি নেক্কারজনক ঘটনা। এই ঘটনা শোনার পরপরই আমরা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছি। খুব শীঘ্রই আমরা সুরা বৈঠক ডেকেছি। এ ব্যাপারে আরো বিস্তারিত বিষয় সিদ্ধান্ত হবে।
পূর্বকোণ/পিআর


















