কক্সবাজারের পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে মেহেদী হাসান মারুফ (১৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আন্নরআলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান মারুফ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ও একই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসামিয়া রোগে ভুগছিল। শনিবার সকালে চুল কাটার পর নিজ বাড়ির পুকুরে গোসলে নামলে সেখানে সে ডুবে যায়। পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম বলেন, ‘নিহত ছেলেটি জন্মের পর থেকেই অসুস্থ। তাকে কয়েক মাস পরপর শরীরে রক্ত দিতে হতো। আজ সকালে চুল কেটে পুকুরে গোসলে নেমে পানিতে তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকাহত।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সকালে পুকুরের পানিতে পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
পূর্বকোণ/পিআর


















