চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতির শিকার হয়েছে একটি মাইক্রোবাসের যাত্রীরা। ডাকাত দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ৫টি মোবাইল, ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ ঘটনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের মধ্যম মহাদেবপুর এলাকা থেকে পৌরসদরের শিবপুর এমেলিয়া ক্লাবে বন্ধুর বিয়েতে যোগ দিতে যান ৮ অতিথি। বিয়ে শেষে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একজনকে মীরেরহাট নামিয়ে দেন। এরপর বাকিরা সীতাকুণ্ডে ফেরার উদ্দেশ্যে বারৈয়াঢালা ইউটার্নে ঘুরে নুনাছড়া এলাকা অতিক্রমের সময় হঠাৎ তাদের গাড়িতে কিছু আঘাত করার শব্দ শোনেন। এতে তারা গাড়ি দাঁড় করিয়ে গাড়ির কিছু সড়কে পড়ে গেল কিনা সন্দেহে একটু পেছনে গিয়ে খুঁজতে থাকেন। এসময় মহাসড়কের পাশে লুকিয়ে থাকা ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল এসে তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে জনি বণিক নামের এক ভুক্তভোগী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জনি বণিক জানান, গাড়িতে কোন আঘাতের শব্দ হলে গাড়ির চালকসহ তারা তিনজন গাড়ি থেকে নেমে আসেন। তারা ভেবেছিলেন গাড়ি থেকে কিছু রাস্তায় পড়ে গেছে হয়তো। কিন্তু একটু পরেই ৭-৮ জন সশস্ত্র ডাকাত দেখে তারা বুঝতে পারেন বিপদ আসন্ন। এতে চালকসহ তারা তিনজন দৌড়ে এলাকার মসজিদের পাশে আশ্রয় নেন এবং ৯৯৯-এ ফোন করে ঘটনা জানান। এর ১৫-২০ মিনিট পর অপর এক সহযাত্রী গাড়িটি চালিয়ে নিয়ে এসে তাদেরকে গাড়িতে তুলে নেন। পরে তাদের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় ডাকাতরা রামদা, কিরিচ ও ছুরি দিয়ে সবাইকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কার লুট করেন। এ ঘটনার পর কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, বিয়ে বাড়ির গাড়ি থেকে লুটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। শীঘ্রই দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করা হবে।
পূর্বকোণ/পিআর


















