কক্সবাজারের টেকনাফে মাদক চোরাচালান, বিস্ফোরক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ মোট ছয়টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হামিদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার হামিদ হোসেন স্থানীয় একটি অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই হামিদ হোসেন আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর নজর এড়িয়ে সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই নিজের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হামিদ হোসেনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
পূর্বকোণ/সিজান


















