চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

জঙ্গল সলিমপুর হবে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ: চট্টগ্রামের নবনিযুক্ত এসপি মাসুদ আলম

সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর : নয়া এসপি মাসুদ আলম

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ মে, ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরকে একটি সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের নবনিযুক্ত জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

 

শুক্রবার (৮ মে) বিকেলে এক সময়ের ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হিসেবে পরিচিত এই দুর্গম এলাকা পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন ।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার জঙ্গল সলিমপুরের পুলিশ ক্যাম্প ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উল্লেখ করেন, একসময় এই এলাকায় র‍্যাব সদস্য হত্যার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। তবে প্রশাসনের নিরলস তৎপরতায় বর্তমানে এলাকাটি অনেকটাই সন্ত্রাসমুক্ত হয়েছে।

 

তিনি সাফ জানিয়ে দেন, এই জনপদে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না এবং এ লক্ষ্যে পুলিশ কঠোরভাবে কাজ করবে।

 

জঙ্গল সলিমপুর পরিদর্শনের পর পুলিশ সুপার সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। থানায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একইসঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধির তাগিদ দেন তিনি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (পরিদর্শনের আগের দিন) মো. মাসুদ আলম চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেন, যার অংশ হিসেবে তিনি জঙ্গল সলিমপুর ও সীতাকুণ্ড থানা পরিদর্শন করেন।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট