কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় মোহাম্মদ রফিক (২৯) নামের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি রফিক ক্যাম্প-১১ এর ডি-১৪ ব্লকের মজির আহম্মদের ছেলে।
শুক্রবার (৮ মে) বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত রফিককে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















