চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দম্পতির ইয়াবা পাচার

অনলাইন ডেস্ক

৮ মে, ২০২৬ | ৪:৩১ অপরাহ্ণ

নোয়াখালীতে এক দম্পতিকে তিন হাজার ৯০০ ইয়াবা গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা তিন বছরের সন্তানসহ ইয়াবা পাচার করতেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সেনবাগের সেবারহাট বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

গ্রেপ্তার দম্পতি হলেন- বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

উপ-পরিচালক সুব্রত সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও র‌্যাবের ফেনী টিমের সমন্বয়ে একটি দল ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগের সেবারহাট পূর্ব বাজারে অভিযান চালায়। এ সময় আব্দুল হামিদ ও তার স্ত্রীকে আটকের পর তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০০ ইয়াবা, ইয়াবার পাউডার ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দম্পতি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই তারা ছোট বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করে আসছেন। তারা এর আগেও মাদকের কয়েকটি চালান নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৌঁছে দিয়েছিলেন বলে স্বীকার করেন। এ ঘটনায় শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদি হয়ে সেনবাগ থানায় মামলা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট