চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়ায় প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বার আউলিয়ায় অবস্থিত মো. নুরনবীর মালিকানাধীন প্রভিটা ফিড কারখানায় সনাতন পদ্ধতিতে হাতে ও মাথায় ফিড ভর্তি অত্যন্ত ভারি বস্তা বহন করে ট্রাকে তোলার সময় বস্তা শরীরের ওপর পড়ে গুরুতর আহত হন মো. ইউসুফ নামে এক বৃদ্ধ শ্রমিক। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রভিটার এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখন সব কলকারখানায় ভারি কিছু বহনে ক্রেনসহ নানা যন্ত্র ব্যবহার হয়। ফলে সেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে না। কিন্তু প্রভিটা এখনো সনাতনি পদ্ধতিতে হাতে মাথায় বস্তাসহ ভারী জিনিস মাথায় নিয়েও স্থানান্তর করেন শ্রমিকরা।
বৃহস্পতিবারও এ রকম ভারি ভারি বস্তা মাথায় ট্রাকে তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে যায়। আর তাতে প্রাণহানি হয় শ্রমিক ইউসুফের। তারা এ ঘটনায় প্রভিটা কর্তৃপক্ষের গাফিলতি আছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
পূর্বকোণ/এএইচ


















