কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
গ্রেপ্তাররা হলেন- মহেশখালীর ধলঘাটার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে ফারুক (২৫) ও সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালীর বাসিন্দা।
শুক্রবার (৮ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, কোস্ট গার্ড জানতে পারে কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা মহেশখালীর ধলঘাটা নাছিরডেল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এএইচ


















