হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে কৃষিজমিতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কায় দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ বিলে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
জানা যায়, ওই এলাকায় জলাবদ্ধতার কারণে পাকা ধান নষ্ট হওয়ার খবর পেয়ে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে নালা কেটে পানি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং দ্রুত পানি নিষ্কাশন শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিলে অবৈধভাবে মাটি ভরাট করে পানির গতিরোধ করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সেই বাধা অপসারণ করে পানি পার্শ্ববর্তী হালদা নদী-তে প্রবাহিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন বর্ষা মৌসুমে এমন সংকট সৃষ্টি না হয়, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্থায়ী নালা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু, উত্তর মার্দাশা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
পূর্বকোণ/সিজান


















