চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেট এলাকার গুলজারে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসায় এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থী মো. আহিল (১১) চন্দনাইশের দক্ষিণ জোয়ারা এলাকার প্রবাসী নুরুল আলমের ছেলে।
এই ঘটনায় আহিলের চাচা মাহমুদুর রহমান বাদী হয়ে শিক্ষক আমান উল্লাহ ও মাদ্রাসার পরিচালক আশেকুর রহমানকে আসামি করে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানা যায়, বুধবার (৬ মে) ভোরে মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ (২৫) শিশু আহিলকে পড়ার ‘ছবক’ (পড়া) দিতে না পারার অজুহাতে তার মাথায়, হাতে, পায়ে ও পিঠে আঘাত করে গুরুতর আহত করেন। নির্যাতনের পর শিশুটিকে কোনো প্রাথমিক চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৭ মে) আহিলের মা তাকে মাদ্রাসায় দেখতে গেলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং নির্যাতনের বিষয়টি প্রকাশ পায়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
পূর্বকোণ/সিজান


















