রাঙামাটির রাজস্থলী উপজেলার কাপ্তাই খালে ডুবে হাবিবুর রহমান নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু হাবিবুর ওই এলাকায় নাজের আহম্মদের সন্তান।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে শিশু হাবিবুর মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে বাসায় এসে দাদীকে না পেয়ে খালে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এরমধ্যে কোনো এক সময় শিশুটি খালে নেমে যায়। এই দিকে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে কাপ্তাই খালে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পিআর


















