চট্টগ্রামের রাউজানে আগুন লেগে ৬ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকাও পুড়ে গেছে। প্রায় ৪০ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসুদেব বিশ্বাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- প্রদীপ বিশ্বাস, রুপম বিশ্বাস, বিজয় বিশ্বাস, পরিমল বিশ্বাস ও স্বপন বিশ্বাস।
ওই বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে রবি বিশ্বাস বলেন, ‘বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত ১২টার দিকে আমি আমাদের বাড়িতে দাউ দাউ করে আগুন দেখতে পাই। আগুন কোন সূত্র থেকে লেগেছে বুঝতে পারিনি। মুহুর্তেই আমাদের সেমিপাকা ঘর এবং এরপর বাকি ৫টি টিনের ঘর পুড়তে থাকে। প্রতিবেশিরা এগিয়ে আসলেও আগুন থেকে কোন ঘর রক্ষা করা সম্ভব হয়নি। একে একে ৫টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আগুনে আমাদের সাড়ে ৩ লাখ টাকা নগদ এবং অন্য ঘরের নগদ ২০ হাজার টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ মোট প্রায় ৪০ লাখ টাকা। দীর্ঘক্ষণ পর রাউজান ফায়ার সার্ভিস থেকে লোকজন এসে রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।’
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পূর্বকোণ/পিআর


















