চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে করেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— করেরহাট ইউনিয়নের বদ্ধ গেড়ামারা এলাকার বাসিন্দা রায়হান হোসেন (২৩) এবং ইসলামপুর ভবানী এলাকার মো. হানিফ (২২)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মামলার তদন্তের অংশ হিসেবে সিএনজি চালক আব্দুল কাদের (৪৬) ও নজরুল ইসলাম (২৮) নামে দুই প্রত্যক্ষ সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে ভারতীয় গরুর অবৈধ চালানকে কেন্দ্র করে এক হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় ৫ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের বাবা আবদুল আলীম বাদী হয়ে ৯ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















