কক্সবাজারের মহেশখালী উপজেলায় গাছে ঝুলন্ত রিয়াজ উদ্দিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহত যুবক রিয়াজ উদ্দিন খোন্দকার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে। তাদের পরিবারটি মূলত ভোলা জেলা থেকে মহেশখালীতে এসে বসবাস শুরু করেছিল।
ধারণা করা হচ্ছে মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে রিয়াজ সবার অগোচরে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহতের বাবা মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের ধারণা, দীর্ঘদিনের মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। বর্তমানে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















