চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, মিরসরাই এলাকায় যেন কোনো নিরপরাধ মানুষ মিথ্যা মামলার আসামি না হয়।
বুধবার (৬ মে) উপজেলা আইনশৃঙ্খলা সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই কঠোর নির্দেশনা দেন।
তিনি উল্লেখ করেন, বিগত ১৬ বছর ধরে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষীর ব্যাপকতা থাকলেও বর্তমানে যাতে কাউকে অন্যায়ভাবে হয়রানি বা জুলুম করা না হয়।
এমপি নুরুল আমিন চোরাচালান, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা চোরাই গরুর ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের দ্বন্দ্বে এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যারা চোরাচালানের সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ হিসেবে মাদককে দায়ী করে তিনি বলেন, মিরসরাইয়ে মাদকের অবস্থা বর্তমানে অত্যন্ত ভয়াবহ। এ অবস্থা নিরসনে তিনি মিরসরাই ও জোরারগঞ্জ থানার ওসিদের সপ্তাহে অন্তত একদিন হলেও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।
প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এমপি নুরুল আমিন প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়ম, সরকারি প্রকল্পে অতিরিক্ত ফি আদায়, তেল চুরি এবং প্রশাসনিক চাঁদাবাজিসহ যেকোনো ধরনের হয়রানি অবিলম্বে বন্ধের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
এছাড়াও সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ মিরসরাই ও জোরারগঞ্জ থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















