কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন অভিযানের এই তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার এবং বোটে থাকা ১০ জন মাদক কারবারিকে আটক করে কোস্ট গার্ড।
অন্যদিকে, শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় অপর একটি অভিযান চালায় কোস্ট গার্ড। সেখানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ এবং ৪৫০ কেজি ময়দা জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















