ঐতিহাসিক শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণ এবং সেই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মসজিদ ক্যাম্পাসে হেফাজতে ইসলাম ফটিকছড়ি শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি তাঁর বক্তব্যে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৫ মে আলেম হত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ায় হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার আলেমদের এই আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে এবং বিচার কার্য সম্পন্ন করবে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে ন্যায়বিচারের দাবি আজও মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা হারুন আজিজির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, হেফাজত নেতা শাহজাহান ইসলামাবাদী, শওকত বিন হানিফসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। মোনাজাত শেষে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী হেফাজতে ইসলামের তৎকালীন মহাসচিব মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















