সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ করার অভিযোগে টেকনাফে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৪ মে) টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন বিসিজি স্টেশন টেকনাফ যৌথভাবে সাবরাং ইউনিয়নের বিভিন্ন মাছঘাটে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত অভিযানে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম জানান, মৎস্য সম্পদের সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন সাবরাং কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান


















