কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে রাস্তার দুই পাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রশাসনকে সক্রিয়ভাবে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা বলেন, এর আগে গত ২৭ এপ্রিল প্রথম দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু পরদিন থেকেই অসাধু ব্যবসায়ীরা আবারও সড়ক দখল করে বাজার বসালে যানজট পুনরায় প্রকট আকার ধারণ করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দ্বিতীয়বারের মতো এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ হওয়া স্থানে যাতে পুনরায় অবৈধ দখলদারিত্ব না ফেরে, সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং যানজট সমস্যার স্থায়ী সমাধানের জন্য হাইওয়ে পুলিশ ও স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















