কক্সবাজারের উখিয়ায় ৪৪ বোতল বিদেশি মদসহ মো. মোস্তফা (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (৪ মে) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের শীলখালী চেকপোস্টে একটি যাত্রীবাহী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোস্তাফা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার শীলখালী চেকপোস্টে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় গাড়ির পিছনের সিটে বসে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার ব্যক্তিগত ট্রলি ব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল বিদেশি মদ এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে কম দামে মদ কিনে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন।
৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদক সরবরাহকারী এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সব সময়ই দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















