চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

জেলের ছদ্মবেশে পাচারকারী, ৯০ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
উদ্ধার ইয়াবাসহ পাচারকারী।

জেলের ছদ্মবেশে পাচারকারী, ৯০ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৪ মে, ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাছভর্তি ব্যাগে করে মাদক পাচারের সময় ৩০ হাজার ইয়াবাসহ কোরবান আলী (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লক্ষ টাকা।

 

সোমবার (৪ মে) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কোরবান আলী টেকনাফ জালিয়াপাড়ার মৃত রমজান আলীর পুত্র।

 

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক মো. হানিফুর রহমান জানান, মায়ানমার থেকে মাদকের একটি বড় চালান জেলের ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল নজরদারি শুরু করে। ভোররাতে দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখে বিজিবি থামার সংকেত দেয়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে কোরবান আলীকে আটক করে। তবে অপরজন পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

 

পরবর্তীতে কোরবান আলীর সাথে থাকা মাছের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বেকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট