চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কায়দায় পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে চার রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘি টাইম ক্যাফে এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন-জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিঞা (৪০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার ঠাকুরদিঘি ও মিঠাদিঘি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে করে ইয়াবা বহন করছেন। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এক্স-রে ও নিবিড় পর্যবেক্ষণের পর মলত্যাগের মাধ্যমে পেট থেকে ছোট ছোট পলিথিনে মোড়ানো ইয়াবার পুটলিগুলো বের করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ১৯ হাজার ৫০০ পিস।
র্যাব আরো জানায়, গ্রেপ্তাররা বিশেষ কৌশলে ইয়াবাগুলো ছোট ছোট পলিথিনে প্যাকেট করে টেপ দিয়ে মুড়িয়ে মুখ দিয়ে গিলে ফেলত। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর তারা মলত্যাগের মাধ্যমে সেগুলো বের করে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস ব্যবহার করে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল।
র্যাবের বান্দরবান ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















