চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বাঁশখালী হাসপাতাল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহত পরিবার সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের আহত ওসমান স্থানীয় বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়িতে যাওয়ার সময় মধ্যম ইলশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ব থেকে ওতপেতে থাকা দিদার, ওয়াজেদ, জাহাঙ্গীর এলোপাতাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সৌরভ চৌধুরী জানান, আহত ওসমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেকে রেফার করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমি ঘটনার বিষয়ে শুনেছি এবং এক অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া ভুক্তভোগীর খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।
পূর্বকোণ/পারভেজ


















