চট্টগ্রাম রবিবার, ০৩ মে, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত নারীসহ গ্রেপ্তার ৩

টেকনাফে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত নারীসহ গ্রেপ্তার ৩

টেকনাফ সংবাদদাতা

২ মে, ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারীসহ তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

শনিবার (২ মে) দুপুরে টেকনাফের বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ২ বছর ও ৫ বছরের সাজাপ্রাপ্ত দুইজন এবং নারী-শিশু নির্যাতন ও চুরি মামলার এজাহারনামীয় প্রধান আসামি রয়েছে।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

র‍্যাব জানায়, টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে দিলদার বেগম (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি রশিদ আহমদের স্ত্রী। টেকনাফ মডেল থানার একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

 

অন্য এক অভিযানে চট্টগ্রামের বাকলিয়া থানার একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল খালেক প্রকাশ খালেদ মাহমুদ সুজনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। আদালত তাকে ৫০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিল। তাকে হ্নীলার জাদিমুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী ঘাট এলাকা থেকে জিসান প্রকাশ আরবি উল হোসেন আরিফ (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি এবং প্রাণনাশের হুমকি মামলার এজাহারনামীয় প্রধান আসামি। জিসান লেঙ্গুরবিল গ্রামের আজিজুল হকের ছেলে।

 

গ্রেপ্তারকৃত এই তিন আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট