চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

এলডিপি ছেড়ে একদল নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিএনপিতে যোগ দিলেন এলডিপির হাজারো নেতাকর্মী

সাতকানিয়া সংবাদদাতা

২ মে, ২০২৬ | ১০:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী।

 

শনিবার (২ মে) বিকেলে কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এলডিপির এই বিপুল সংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে বক্তারা জানান। নতুন যোগদানকারীরা আগামী দিনে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এই গণযোগদানে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলাসহ খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপি নেতা আমিরুজ্জামান।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপি নেতাকর্মীদের এই বিশাল যোগদান সাতকানিয়ার রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, যার প্রভাব আগামী দিনের রাজনীতিতে আরও স্পষ্ট হয়ে উঠবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট