চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সৌন্দর্য হারিয়ে ভাঙনে অস্তিত্ব হুমকিতে পারকি সৈকত

সৌন্দর্য হারিয়ে ভাঙনে অস্তিত্ব হুমকিতে পারকি সৈকত

সুমন শাহ , আনোয়ারা

২৮ এপ্রিল, ২০২৬ | ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ‘মিনি কক্সবাজার’ খ্যাত পারকি সমুদ্র সৈকত এখন সৌন্দর্যের চেয়ে ভাঙনের আতঙ্কেই বেশি আলোচিত। বর্ষা মৌসুম ও পূর্ণিমার জোয়ার এলেই বদলে যায় এই পর্যটন কেন্দ্রের চিত্র। উঁচু জলোচ্ছ্বাস ও তীব্র ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ছে বেড়িবাঁধ, বিলীন হচ্ছে সৈকতের বিস্তীর্ণ এলাকা। সাম্প্রতিক বছরগুলোতে এই ভাঙন যেন নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। 

 

সৈকতের বিভিন্ন স্থানে বেড়িবাঁধের অস্তিত্ব হারিয়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ভাঙনের প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দোকানদার, হোটেল ব্যবসায়ী ও দিনমজুররা। জীবিকায় নেমে এসেছে অনিশ্চয়তা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর একই সমস্যা দেখা দিলেও স্থায়ী কোনো সমাধান নেওয়া হচ্ছে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে অস্থায়ী ব্যবস্থা নিলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। ফলে প্রতিটি জোয়ার-ভাটার মৌসুমেই নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে।

 

সৈকতের লুসাই পার্কের স্বত্বাধিকারী মো. আকবর বলেন, আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখানে ব্যবসা করছি। কিন্তু আমাদের পার্কের বাঁধ ইতোমধ্যে ভেঙে গেছে। সরকার ও বেসরকারি বিভিন্ন স্থাপনা রক্ষায় দ্রুত অস্থায়ী বাঁধের পাশাপাশি স্থায়ী সমাধান প্রয়োজন।

 

পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কাশেম জানান, শত শত ব্যবসায়ী এই সৈকতকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছেন। গত বছর বর্ষা ও পূর্ণিমার জোয়ারে ২০ থেকে ৩০টি দোকান ভেঙে গেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পর্যটক কমে যাবে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধাক্কা দেবে।

 

এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক বলেন, পারকি সমুদ্র সৈকত রক্ষায় “পারকি সি-বিচ রক্ষা প্রকল্প’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে।

 

এদিকে, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে আমার একটি দাবি ছিল আনোয়ারা-কর্ণফুলীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। সেটি এখন বাস্তবায়ন হচ্ছে।

 

তিনি আরও বলেন, পারকি সমুদ্র সৈকত আমাদের জাতীয় সম্পদ। এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি ইতিমধ্যে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট