চট্টগ্রাম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে পাচারকারীর আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ৬৯

টেকনাফে পাচারকারীর আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ৬৯

টেকনাফ সংবাদদাতা

২৭ এপ্রিল, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ মিয়ানমারের ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে এই রোহিঙ্গাদের উদ্ধারের পাশাপাশি তিনজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

 

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির টেকনাফ ২-এর অধিনায়ক মো. হানিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় মোহাম্মদ শুক্কুরের বসতবাড়ির পাশে একটি আস্তানায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। তল্লাশিকালে ওই আস্তানা থেকে ৫ জন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

 

একইদিন বিকেলে টেকনাফ সদর নাজির এলাকায় বিজিবি অপর একটি অভিযান চালায়। সেখান থেকে আরও ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

 

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে যাদের পরিচয়পত্র (আইডি কার্ড) রয়েছে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে। যাদের কার্ড নেই তাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে। এছাড়া আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট