চট্টগ্রাম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আদালতের নির্দেশে মিরসরাইয়ে ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

আদালতের নির্দেশে মিরসরাইয়ে ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

সংবাদদাতা মিরসরাই

২৭ এপ্রিল, ২০২৬ | ৮:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের দীর্ঘ ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এবং ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত এয়ার আহমদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার এলাকার আলী আকবর মাঝি বাড়ির গনি আহমদের ছেলে।

 

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ এপ্রিল রাতে এয়ার আহমদ তার অসুস্থ স্ত্রীকে দেখতে ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ওই রাত আনুমানিক ১১টার দিকে শ্বশুরবাড়ির পাশেই তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং পরের দিন ভোরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

নিহতের স্ত্রী বিবি খতিজা অভিযোগ করেছেন, তার স্বামীকে নেয়াজপুর গ্রামের কামাল হোসেনসহ কয়েকজনে পিটিয়ে হত্যা করেছে।

 

তিনি আরও জানান, আসামিরা তাকে মামলা না করার জন্য হুমকি দেওয়ায় তিনি শুরুতে লাশ দাফন করতে বাধ্য হয়েছিলেন।

 

পরবর্তীতে মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় গত ৭ এপ্রিল তিনি ফেনী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কামাল হোসেনকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ প্রধান আসামি কামালকে গ্রেপ্তার করেছে।

 

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আদালতের নির্দেশেই সোমবার সকালে পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়েছে।

 

তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুনরায় লাশ কবরস্থ করা হবে”।

 

নিহতের জামাতা মো. ইউসুফ তার শ্বশুরকে একজন সহজ-সরল মানুষ হিসেবে উল্লেখ করে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এয়ার আহমদ করেরহাট বাজারের ‘টু-স্টার ডেকোরেশন’ নামের একটি দোকানে কর্মরত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট