চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বেশ কিছু সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মেখল ইউনিয়নের রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজসংলগ্ন সড়কের পাশের এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং ঘটনাস্থলে নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ওই এলাকার আশপাশের অন্যান্য অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















