কক্সবাজারের ডাকাতি, হত্যা এবং অস্ত্র আইন মামলায় কলিম উল্লাহ ওরফে কলিম ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের সরকারি কলেজ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কলিম উল্লাহ সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে অন্তত ২১টি মামলা রয়েছে। বিশেষ করে ২০১৫ সালের একটি নৃশংস খুনের ঘটনায় সে ছিল প্রধান ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব জানায়, কলিম ডাকাত কলেজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অত্যন্ত সতর্কতার সাথে এলাকাটি ঘেরাও করে তাকে ধরা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ওস্তাদ এই সন্ত্রাসী বছরের পর বছর দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশ ধারণ করে এবং বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করেছিল।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত মোবাইল ফোনসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কলিম ডাকাতের এই গ্রেফতারের মধ্য দিয়ে কক্সবাজারের অপরাধ জগতে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















