চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
রবিবার (২৬ এপ্রিল) উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ লঙ্ঘনের দায়ে ‘মেসার্স মা ব্রিকস’-এর মালিক নিবারণ দেবনাথকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘মেসার্স খাজা থ্রী’ (K.B-3) নামক ইটভাটার মালিক মো. শাহ আলম কোম্পানীর একটি বয়লার মেশিন জব্দ করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে চুল্লীটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















