বান্দরবানের লামায় চলমান তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে ১৯ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।
রবিবার (২৬ এপ্রিল) ক্লাস চলাকালীন ও পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে তীব্র ভ্যাপসা গরমে ১৮ জন শিক্ষার্থী একে একে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় রুদ্ধদ্বার কক্ষের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭ম, ৮ম ও ১০ম শ্রেণির শামীমা আক্তার, খুরশিদা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, ফাতেমা আক্তার ও শিক্ষা আক্তারসহ আরও বেশ কয়েকজন রয়েছে। পরে অভিভাবকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান। উল্লেখ্য যে, এর তিনদিন আগেও একই বিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল।
একই দিন দুপুর ১২টার দিকে আফরোজা নার্গিস নামে এক এসএসসি পরীক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে লামা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তিনি হাইদারনাশী মাদ্রাসার ছাত্রী এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক রয়েছেন। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং বর্তমান আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















