চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় বিল থেকে গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আবছার (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষক সরফভাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ সিকদার পাড়া এলাকার বাসিন্দা এবং মরিয়মনগর এলাকার শফিউল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুরুল আবছার বিল থেকে গরু আনতে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে সন্ধ্যায় বিলের মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার লাশের পাশেই সেচের পাম্পের বিদ্যুতের তার পড়ে ছিল, যার সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ থানায় নিয়ে আসে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই মরদেহ দাফন করার কথা রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















