চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

দেশি-বিদেশি অস্ত্রসহ মাদক কারবারি আটক টেকনাফে

দেশি-বিদেশি অস্ত্রসহ মাদক কারবারি আটক টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

২৫ এপ্রিল, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ‘ইয়াবা ডন রাসেল’ নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শনিবার (২৫ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাসেলের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক রাসেল ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাসেলের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানবপাচার সংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে এবং এর আগেও সে পুলিশের হাতে একাধিকবার ইয়াবাসহ আটক হয়েছিল।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাসেলের মতো আরও বেশ কয়েকজন সন্ত্রাসী এলাকায় সক্রিয় রয়েছে। এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা গেলে সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। আটক রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট