রাঙামাটির কাপ্তাইয়ে নতুনবাজার ভাড়া বাসায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী জাহিদ হাসান জয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল বিভাগের ৭ম পর্বের ছাত্র ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়ার মো. দুলাল উদ্দীনের ছেলে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টায় ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার নবী হোসেন সওদাগরের তৃতীয় তলা বিল্ডিং থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিল্ডিংয়ের পাশে বসবাসকারী ১০ম শ্রেণির ছাত্র অংসেনু মারমা জানান, কক্ষের ভিতর থেকে দুগ্ধ ও ফ্লোর থেকে রক্ত বের হওয়া দেখে বিল্ডিং মালিক নবী হোসেনকে খবর দেয়া হয়। পরে নবী হোসেন থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
বিল্ডিং মালিক ও কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেন জানান, ওই শিক্ষার্থী একটি কক্ষ ভাড়া থাকতো। আমার জানামতে সে একজন ভাল ছেলে। তবে কিভাবে কি হল বলতে পারছিনা। আমি ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।
স্থানীয় ইউপি সদস্য ইমান আলী জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে মারা গেছে। তবে কিভাবে মারা গেছে তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
পূর্বকোণ/পিআর/এসি


















