উখিয়ার বিএনপি নেতা জাগির হোসেনকে হত্যার অভিযোগ করে বুধবার (৮ নভেম্বর) কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিএনপি নেতা জাগির হোসেন আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাগির উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং তিনি বর্তমানে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবদল নেতা ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন. কক্সবাজারের উখিয়ায় গত ৫ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে হামলা চালালে তিনজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে জাগিরের মৃত্যু হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ


















