আবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২৮ আগস্ট আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে ৮ দলের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচই ফাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়। যা বাংলাদেশ সময় রাত ৯.৩০টা। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশের সূচি
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া- রাত ৯.৩০টা
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- রাত ৯.৩০টা
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আরব আমিরাত- রাত ৯.৩০টা।
পূর্বকোণ/কিরণ















