চট্টগ্রাম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কে এই টমাস অ্যালেন?

অনলাইন ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬ | ২:২৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে একটি আইনশৃঙ্খলা সূত্র। তাকে কোল টমাস অ্যালেন নামে শনাক্ত করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা যায় যে টমাস অ্যালেন ক্যালটেকের একজন স্নাতক। তিনি খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী এই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর টরেন্সের বাসিন্দা। এটি লস অ্যাঞ্জেলেস সংলগ্ন সাউথ বে এলাকার একটি শহর। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ওই সময় ওয়াশিংটন হিলটন হোটেলের অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। তবে তার হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিংগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানানো হয়েছে, একই নামের একজন ব্যক্তি ২০১৭ সালে স্নাতক সম্পন্ন করেছেন।

তার সামাজিক যোগাযোগমাধ্যম ও পেশাগত প্রোফাইল অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সি২ এডুকেশন নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন, পাশাপাশি ভিডিও গেমও তৈরি করেন তিনি। এর আগে তিনি দক্ষিণ পাসাডেনার আইজেকে কন্ট্রোলস নামের একটি প্রতিষ্ঠানে প্রায় এক বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষক সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে তাকে টরেন্সে অবস্থিত সি২ এডুকেশন অফিসের পক্ষ থেকে ‘মাসের শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তার লিংকডইন প্রোফাইলে নিজেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার বিজ্ঞানী হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি নিজেকে গেম ডেভেলপার এবং শিক্ষক বলেও পরিচয় দিয়েছেন তিনি।

একটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে তার দল একটি রোবোটিক্স প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। তার আগ্রহের তালিকায় একমাত্র বিষয় হিসেবে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ উল্লেখ রয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, টমাস অ্যালেন একটি শটগানসহ সশস্ত্র অবস্থায় ছিলেন এবং ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে গুলি চালানোর পর তাকে আটক করা হয়। ওই সময় সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কয়েকজন ক্যাবিনেট সদস্য উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট