চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

খালিদ, ভালো থেকো ওপারে

ফাহমিদা নবী

২১ মার্চ, ২০২৪ | ১২:১৬ পূর্বাহ্ণ

খালিদ গান গাইতো সরলভাবে। জীবনের সরলতার আদলে। প্রাণবন্ত থাকতো, চাইতো হাসতো। কিন্তু প্রাণহীনতার আরেকটা দিক দেখেছি যার কারণে স্যাড রোমান্টিক গানগুলো শ্রোতার হৃদয়ে একেকটা সুপার হিট গানের তালিকায় সুখের অনুভূতি। আমার আর খালেদের বেশ কয়েকটা ডুয়েট গান হয়েছে ‘নিছক স্বপ্ন’ অ্যালবামে তানভীর তারেকের কথা ও সুরে। প্রিন্স মাহমুদের কথা সুরে ‘ঘুমাও’ গানটা তো অনেকের প্রিয় একটি গান।

 

খালেদ বলতো নুমা তুমি কিন্তু বেশি ভালো গেয়েছো! এখনো মনে পড়ে। আমরা একসাথে দর্শন বিভাগে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সূত্রে খালিদ সহশিল্পী এবং বন্ধু। আমি ওর মধ্যে কোন অহংকার দেখিনি কোনদিনই। এই তো সেদিনই কথা হলো আরো ডুয়েট গান করতে চায়। বললাম করবো। আমেরিকায় ওর ছেলের গান শুনেছি বলে খুশি হলো। দেখা হবে সে কথাও হলো।

 

ওর অকালে যাওয়া খুব কঠিন করে দিলো আমাদের সবাইকে। মানে আমাদের শিল্পীদেরকে। জীবনের প্রতি উদাসীনতা কেউ রাখবেন না ছোট বড় সব শিল্পীকে বলছি। নিজেকে ভালোবাসুন। আমাদেরকে আমাদেরই দেখতে হবে।

 

সত্যি বলতে কি, গান এখন হয়না! তাই জীবন নিয়ে অন্য কিছু ভাবুন। যেটুকু কাজ হয়েছে তা নিয়ে যথেষ্ট মনে করে অন্য কিছু ভাবুন, কাজ করুন কিন্তু হতাশাগ্রস্থ হবেন না। গানের জন্য ভালোবাসা, ভাবনা, সুর, কথার গভীরতা লাগে। যা এখন কর্পোরেট কালচার ! সেখানে গান হয় না, হয় অ্যাড মার্কেটিং! সেটাকে গান বলা যায় না! তাই সোনালী রূপালী দিনের গান নিয়ে শ্রোতাও বেঁচে থাকবে আমাদের মতোই। অস্থিরতায় আর যাই হোক গান হবে না!

 

পরপর সাদী ভাইয়ের চলে যাওয়া আর খালিদের মৃত্যু আমাকে আরো বুঝিয়ে দিয়েছে। শ্রোতা যে আসনে কাউকে বসায়, তার জন্য বহুদিন কাজ করতে হবে না একটা ভালো গানই হয়তো যথেষ্ট মনে রাখার জন্য, ভালোবাসার জন্য। হৃদয়ে আসন তৈরি করবার জন্য। আমাদের প্রত্যেক শিল্পীকে ভালো থাকতে হবে। তাঁর নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য। আমাকে আমারই দেখতে হবে। অভিমান অভিযোগ কোন কাজে আসে না।

 

মনে রাখতে হবে, আমাদের কষ্ট আছে কিন্তু পাশাপাশি অনুসরণীয় হয়ে বাচঁতে হবে। কঠিন কাজ তবু তা করতে হবে। আমাদেরকে দেখে অনেক কিছু শেখে অনেকেই। তাই সাহসী এবং সুস্থ হয়ে চলতে হবে। যতদিন আয়ু! শিল্পী তাঁর গানে বেঁচে থাকে শ্রোতার হৃদয়ে।

 

খালিদের বউ শামিমা আর একমাত্র সন্তান ওদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 

বন্ধু খালিদ ভালো থেকো ওপারে। সবাইকে আমাদের চলে যেতে হবে সময়মতো। ওর আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমিন

 

লেখক: কণ্ঠশিল্পী

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট